ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

উত্তাল শাহবাগ থেকে নতুন কর্মসূচি ঘোষণা

কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। শুক্রবার (১২ জুলাই) বিকেলে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করবে আন্দোলনকারীরা।


বৃহস্পতিবার (১১ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, “এক দফা দাবিতে আমাদের আন্দোলন। আমরা চাই সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাস করতে হবে। তার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব।”


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক আরও বলেন, “সারা দেশে আন্দোলনকারীদের ওপর যে হামলা হয়েছে, তার বিচারের দাবিতে শুক্রবার বিকেল ৪টায় দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।”


এর আগে বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে আসেন। শাহবাগে এলে পুলিশের সঙ্গে তাদের বাক্‌-বিতণ্ডা হয় শিক্ষার্থীদের। এরপর পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে বিকেল সোয়া ৫টার দিকে ব্যারিকেড ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। ব্যারিকেড ভাঙার সময় শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দেন। পাশে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।


এদিকে সরকার চাইলে সরকারি চাকরিতে (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) মুক্তিযোদ্ধা কোটা পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। এছাড়াও কোটায় পূরণ না হলে মেধাতালিকা থেকে নিতে পারবে বলে আংশিক রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার কোটা পুনর্বহাল করে দেওয়া হাইকোর্টের আলোচিত রায়ের মূল অংশ প্রকাশ করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) সাইফুজ্জামান জামান।

ads
ads
ads

Our Facebook Page

↑