ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকা বোর্ড চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা

এইচএসসি পরীক্ষার ফল বাতিল করে নতুন করে মূল্যায়নের দাবিতে একদল শিক্ষার্থীর আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। রবিবার (২০ অক্টোবর) রাতে সংবাদমাধ্যমকে তিনি জানান, সোমবার (২১ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেবেন।অধ্যাপক তপন কুমার সরকার বলেন, “শিক্ষার্থীরা আমার পদত্যাগ চেয়েছে। আমি পদত্যাগ করলে যদি তারা আন্দোলন স্থগিত করে তাহলে আমি পদত্যাগই করবো। আগামীকাল আমার পদত্যাগপত্র জমা দেবো।”


এর আগে রাত সাড়ে ৭টার দিকে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার নিচে এসে অবস্থানরত শিক্ষার্থীদের সামনে ঢাকা শিক্ষা বোর্ডের অবস্থান তুলে ধরেন। শিক্ষার্থীদের আজকের মতো বাসায় চলে যাওয়ার অনুরোধ জানিয়ে তখন তিনি বলেন, “তোমরা আন্দোলন করেছ, দাবি জানিয়েছ। বিষয়টি নিয়ে সরকার আলোচনা করে ব্যবস্থা নেবে। তোমাদের ওপর আজ যারা এখানে হামলা চালিয়েছে বা মারধর করেছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।”


তবে বোর্ড চেয়ারম্যানের বক্তব্য শেষ না হতেই “ভুয়া, ভুয়া” এবং “আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম” স্লোগান দিতে শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবি রাতেই ফল বাতিলের ঘোষণা দিতে হবে। সবাইকে অটোপাস দিতে হবে। তা না হলে তারা সেখান থেকে যাবেন না।রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত  ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে ঢুকে বিক্ষোভ ও অবরোধ করেন একদল শিক্ষার্থী। তারা বলছেন, বিক্ষোভ চলাকালে তাদের ওপর হামলা হয়েছে। হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে বোর্ডের কর্মকর্তারা বলছেন, কিছু শিক্ষার্থী ভবনের ভেতরে ঢুকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষেও ভাঙচুর চালিয়েছেন।


সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন। তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অনুরোধ করছেন। একই সঙ্গে রাতে সেখানে না থেকে বাসায় চলে যাওয়ার অনুরোধ করতেও দেখা যায়। তবে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑