ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

শাপলা প্রতীক না দিতে অদৃশ্য শক্তির হাত রয়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, তাদের দলীয় প্রতীক হিসেবে 'শাপলা' না দেওয়ার পেছনে 'অদৃশ্য শক্তির হাত' কাজ করছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি এই মন্তব্য করেন।


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশন (ইসি) অসৎ উদ্দেশ্য নিয়ে শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে। তাদের দাবি, শাপলাকে প্রতীক হিসেবে গ্রহণ না করার বিষয়ে ইসি কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি। তিনি সতর্ক করে দেন যে, এ কারণে যদি নির্বাচন বাধাগ্রস্ত হয়, তবে এর দায়ভার নির্বাচন কমিশনের ওপর বর্তাবে।


এনসিপি'র এই নেতা আরও বলেন, শাপলা প্রতীক না দেওয়ার পেছনে অদৃশ্য শক্তির প্রভাব রয়েছে। তিনি দাবি করেন, হয় শাপলা প্রতীক দিতে হবে, নয়তো 'ধান', 'সোনালী আঁশ' বা 'তারা'-এর মতো বিদ্যমান প্রতীকগুলো বাতিল করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, শাপলা পাওয়ার জন্য এনসিপি গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবে এবং 'অধিকারের প্রশ্নে কোনো আপস করবে না'।


পাটওয়ারী জানান, দুই ঘণ্টার দীর্ঘ আলোচনাতেও নির্বাচন কমিশন শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে কোনো আইনি ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে।


বিকেল সাড়ে ৩টায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে। বৈঠকে এনসিপি জাতীয় লীগের মতো অকার্যকর ও বিলুপ্ত দলের নিবন্ধন দেওয়ার সঙ্গে জড়িত ইসির কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানায়।


উল্লেখ্য, এর আগে গত ৭ অক্টোবর এনসিপি শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনকে আবারও চিঠি দেয়। চিঠির সঙ্গে জাতীয় প্রতীকে দৃশ্যমান শাপলার পরিবর্তে ভিন্ন ভিন্ন কয়েকটি ভার্সনে আঁকা শাপলার নমুনা ছবিও জমা দেওয়া হয়। একইসঙ্গে ইসি কর্তৃক প্রস্তাবিত ৫০টি বিকল্প প্রতীকও প্রত্যাখ্যান করে এনসিপি।

ads
ads
ads

Our Facebook Page

↑