মেক্সিকোয় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত ও আরও ৯৮ জন আহত হয়েছেন। দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ট্রেনটিতে ২৫০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৯ জন ট্রেনটির ক্রু আর বাকি ২৪১ জন যাত্রী।
রোববার দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াহাকার আসুনসিওন ইক্সতালতেপেক শহরের কাছে লাইনচ্যুতির এই ঘটনাটি ঘটে। এ সময় ট্রেনটি মেক্সিকো উপসাগরীয় বন্দর শহর ভেরাক্রুজকে দেশের অপর প্রান্তের প্রশান্ত মহাসাগরীয় বন্দর শহর সালিনা ক্রুজের সঙ্গে সংযোগকারী আন্তঃমহাসাগরীয় লাইনে ছিল। এক বিবৃতিতে নৌবাহিনী জানিয়েছে, আহত ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম এক্স এ জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক। তারা আরও জানায়, দুর্ঘটনার পর নৌবাহিনীর কয়েকশ সদস্যকে ও উদ্ধারকারী যানগুলোকে ঘটনাস্থলে পাঠানো হয়। মেক্সিকোরি অ্যাটর্নি জেনারেল এর্নেস্তিনা গোদয় সামাজিক মাধ্যম এক্স এ জানিয়েছেন, কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তা বের করতে একটি তদন্ত শুরু করা হবে।
২০২৩ সালে চালু হওয়া মেক্সিকোর দুই প্রান্তকে সংযোগকারী ইন্টারওশেনিক ট্রেন লাইনের ব্যবস্থাপনায় আছে দেশটির নৌবাহিনী। মালামাল পরিবহনে পানামা খালের বিকল্প তৈরি এবং মেক্সিকোর দক্ষিণাঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এই প্রকল্প বাস্তবায়ন করেন।