সরকার গঠনের সুযোগ পেলে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এজন্য অবশ্য তিনটি শর্ত দিয়েছেন তিনি। শফিকুর বলেছেন, “ঠাকুরগাঁওবাসী, এর আগে দফায় দফায় আপনারা অনেককেই আপনাদের মূল্যবান ভোট, ভালোবাসা, সমর্থন দিয়েছেন। এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নয়, এবার এই দেশের মুক্তিপাগল মানুষের ১০ দলের একটা ঠিকানা—সেই ঠিকানাকে আপনারা ভোট দেবেন ইনশাআল্লাহ।“আমরা একা বাংলাদেশ গড়তে পারব না। আমরা মনে করি, ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করেই বাংলাদেশ গড়তে হবে ইনশাআল্লাহ।”
শুক্রবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে দশ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছিলেন শফিকুর।
তিনি বলেন, “আমরা ঘোষণা করেছি—আল্লাহ আমাদের কামিয়াবি দিলে, সফলতা দিলে আমরা কাউকে বাদ দেব না। আমরা সবাইকে বলব—আসেন, মিলেমিশে আমরা বাংলাদেশ গড়ে তুলি। তিনটা শর্ত শুধু মেনে নিতে হবে।
“এক. কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। দুই. গরিব-ধনী সকলের জন্য, নারী-পুরুষ সকলের জন্য, সকল ধর্ম সকল বর্ণের মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং সেই বিচার হবে সকলের জন্য সমান। সেই বিচারে কেউ রাজনীতিবিদি হিসেবে হস্তক্ষেপ করতে পারবেন না। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন। আর বিচার হবে ন্যায়ের ভিত্তিতে, কোনো বে-ইনসাফি বিচার আর বিক্রি হবে না।”
তৃতীয় শর্তের কথা বলতে গিয়ে শফিকুর রহমান বলেন, “চুয়ান্ন বছরের বস্তাপচা রাজনীতি—যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবিয়ে ফেলেছে। চাঁদাবাজদের রমরমা ব্যবসা আর জনগণের জান যাওয়ার উপক্রম।
“এই সবকিছু বদলাতে হলে বৈষম্য বদলাতে হলে—অঞ্চলে অঞ্চলে বৈষম্য, ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য, পরিবারে পরিবারে বৈষম্য, গোষ্ঠীতে গোষ্ঠীতে বৈষম্য, দলে দলে বৈষম্য—সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই।”
জামায়াত আমির বলেন, “এই জন্য প্রয়োজন সংস্কারের—সকল প্রস্তাব গণভোটে দেওয়া হয়েছে, সেই গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে গণভোটকে পাস করিয়ে দেওয়া।”
শফিকুর রহমান বলেন, “কোনো একক দলের শাসন আমরা চাচ্ছি না আর। আমরা এখন জনগণের শাসন চাই। আলেম-ওলামা থাকবেন, এ দেশের দক্ষ মানুষগুলো থাকবে, দেশপ্রেমিক দলগুলো আসবে—যারা দেশকে ভালোবাসে, কোনো আধিপত্যবাদকে যারা মেনে নেবে না; তাদের সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ।
“সেই দিনটার জন্যই জাতি অপেক্ষা করছে। দফায় দফায় অনেককে সুযোগ দিয়ে আপনারা দেখেছেন। এবার একটু ওই মানুষগুলোকে সুযোগ দিন—যারা নিজেরা চাঁদাবাজি করে না, বরঞ্চ চাঁদাবাজদের রুখে দেওয়ার জন্য শপথ নিয়েছে।”
তিনি বলেন, “ওই মানুষগুলোকে এবার আপনারা সমর্থন দিয়ে সংসদে পাঠান, সরকার গঠনের সুযোগ দিন যারা নিজেরা দুর্নীতি করবে না এবং কোনো দুর্নীতি সহ্য করবে না। ওই মানুষগুলোকে নির্বাচিত করুন—যারা মানুষকে সম্মান করতে জানে, ভালোবাসতে জানে।
“ওই মানুষগুলোকে নির্বাচিত করুন—যাদের হাতে দেশ আসলে বিদেশে বন্ধু খুঁজবে; কিন্তু কোনো প্রভু মানবে না।”
জামায়াত আমির শফিকুর বলেন, “প্রিয় দেশবাসী, যদি আমরা আল্লাহর মেহেরবানীতে আপনাদের ভালোবাসায় নির্বাচিত হই, তাহলে আমরা কথা দিচ্ছি আমরা ইনশাআল্লাহ গোটা উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ।
“এখানে যেখানে এয়ারপোর্ট হওয়ার, হবে। সৈয়দপুর এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানে ইনশাআল্লাহ উন্নীত করা হবে; যাতে শিল্পের বিকাশ, অ্যাগ্রো-বেজড ইন্ডাস্ট্রি তথা কৃষিভিত্তিক শিল্পের বিকাশ এবং তার পণ্য সারা দেশে এবং বিশ্বে ছড়ায়ে পড়ে—সেজন্য কমিউনিকেশন ব্যবস্থাকে উন্নত করা হবে।”
তিনি বলেন, “আমরা আর দেখতে চাই না বেকারত্বের কষ্ট বুকে চেপে এখানকার সন্তানেরা রাজধানী ঢাকায় গিয়ে গলিতে গলিতে কষ্ট করবে, ঘুরাঘুরি করবে—একটা চাকরি পাবে না।
“আমরা চাই, তাদেরকে দক্ষ জনবল হিসেবে গড়ে তুলে উন্নত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটি ঘরকে এক একটি ইন্ডাস্ট্রিতে আমরা পরিণত করতে চাই। বিশ্বে এরকম বহু দেশ আছে—জাপান আছে, ভিয়েতনাম আছে, চায়না আছে। তারা তাদের প্রত্যেকটি ঘরকে ইন্ডাস্ট্রিতে পরিণত করেছে। তারা যদি পারে, আমরাও পারব ইনশাআল্লাহ।”