চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপে পড়ে চার বছর বয়সি সেই শিশুটি মারা গেছে। তার নাম মুহাম্মদ মেজবাহ। বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটি রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত নয়টার দিকে ওই শিশুকে মৃত ঘোষণা করেন।এর আগে, এদিন বিকেল চারটায় রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর গ্রামের বড়ুয়া পাড়া এলাকায় গভীর নলকূপের প্রায় ৩০ ফুট গর্তের নিচে পড়ে যায় ওই শিশু। খবরটি ছড়িয়ে পড়ালে বিপুল মানুষ সেখানে জড়ো হন।
নিহত শিশু মেজবাহ ওই এলাকার দিনমজুর সাইফুল আলমের ছেলে।
স্থানীয় জানান, বড়ুয়া পাড়া এলাকায় গৃহহীনদের দেওয়া সরকারি বসতঘরের ২০-৩০ ফুট দূরত্বে সুপেয় পানির জন্য সরকারি খরচে গভীর নলকূপ স্থাপন করা হয়। ওই এলাকাটি টিলাভূমি হওয়ায় সেখানে পানির উৎসের জন্য গভীর গর্ত তৈরি করা হয়। সেই গর্তটি অনিরাপদ অবস্থায় থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
তারা জানান, নিহত শিশু মেজবাহ খেলতে খেলতে গর্তে পড়ে যায়। গর্তে আটকে যাওয়ার কারণে স্থানীয়রা তাকে উদ্ধার করতে পারেনি। পরে গভীর গর্তে তলিয়ে যায় সে। তালেব নামে প্রত্যক্ষদর্শী বলেন, শিশুটি পড়ার পর আমরা কান্নার শব্দ শুনেছি। পরে রাউজান ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।