ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলের আয়োজন করেন রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলতান হোসেন লিখন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমা নামাজ শেষে গোয়ালন্দ পৌর ৯ নং ওয়ার্ড আলম চৌধুরী পাড়া অবস্থিত আল মদিনা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলতান হোসেন লিখনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অত্র মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাকিম মন্ডল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ফকির সফিকুজ্জামান পিন্টু, বিএনপি নেতা সাইফুজ্জামান সান্টু সহ মসজিদ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার মুসুল্লিগণ।
উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতায় ২১৩ টি আসন পেয়ে নির্বাচিত হওয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলতান হোসেন লিখন জানান, বিএনপির বিজয়ে দলের চেয়ারম্যান ও দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিজয় মিছিল না করে সারাদেশ ব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিএনপিকে কোনঠাসা করে রেখেছিলেন। জুলাই আন্দোলনে দেশ নতুনভাবে স্বাধীন হয়। দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। ইনশাআল্লাহ তারেক রহমান মহোদয়ের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।