ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে বিএনপির ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একাধিকবার নির্বাচিত হওয়ায় তিনি এ অঞ্চলের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছেন। ফলে নবগঠিত সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে তাকে দেখতে চান উপকূলবাসী।
জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিনের প্রত্যাশা নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় নেতা ও সাধারণ ভোটাররা মনে করেন, দক্ষিণাঞ্চলের টেকসই উন্নয়নের জন্য অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন। নুরুল ইসলাম মনি অষ্টম জাতীয় সংসদে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব পালন করেছিলেন।
নির্বাচনের ফল ঘোষণার পর পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলাজুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
জানা গেছে, বরগুনা জেলার এই আসনটি নদীবেষ্টিত উপকূলীয় জনপদ হওয়ায় এখানে নদীভাঙন, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, মৎস্যসম্পদ উন্নয়ন, কৃষি ও অবকাঠামো উন্নয়ন—এসব বিষয় মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনি ইশতেহারে নুরুল ইসলাম মনি শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, মৎস্যসম্পদের আধুনিকায়ন, আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ, জেলেদের নিরাপত্তা নিশ্চিতকরণ, উপকূল রক্ষা বাঁধ শক্তিশালীকরণ, আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানের বন্দরনগরী হিসেবে এলাকাকে গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন।
নির্বাচনে বিজয়ের পর স্থানীয়দের প্রত্যাশা আরও বেড়েছে। পাথরঘাটা পৌর শহরের বাসিন্দা কাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, চারবারের এমপি হিসেবে মনি সাহেব এলাকার জন্য অনেক কাজ করেছেন, তার প্রতিদান এ অঞ্চলের মানুষ তাকে দিয়েছে। এবার আমরা দেশনায়ক তারেক রহমান–এর কাছে চাই মনিকে মন্ত্রী করা হোক। তাহলে বরগুনা-২ আসনের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
বামনা সরকারি কলেজের অধ্যাপক মোঃ রিয়াদুল কাদের বলেন, উপকূলীয় এই অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যখাতে আরও বড় বিনিয়োগ প্রয়োজন। বরগুনা জেলায় এখনো কোনো বিশ্ববিদ্যালয় নেই। নুরুল ইসলাম মনি মন্ত্রিসভায় স্থান পেলে এসব খাতে বিশেষ প্রকল্প আনা সম্ভব হবে বলে আমরা আশা করছি।
রাজনৈতিক জীবনের শুরুতে ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি বরগুনা-২ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়ে ১৯৯১ ও ২০০১ সালে দলীয় প্রার্থী হিসেবে একই আসন থেকে বিজয় লাভ করেন। এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।