ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

শবেকদরেও বন্ধ ছিল আল আকসা

ads

দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য ও গাম্ভীর্য ছাপিয়ে এবার পবিত্র লাইলাতুল কদরের রাতেও অবরুদ্ধ ছিল জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েলি কর্তৃপক্ষের জারি করা কঠোর নির্দেশনার কারণে ফিলিস্তিনি মুসলিমরা এই তৃতীয় পবিত্রতম মসজিদে প্রবেশ করতে পারেননি। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সামরিক সংঘাতের জেরে ঘোষিত জরুরি অবস্থার দোহাই দিয়ে এবার আল আকসা চত্বরে ইতিকাফ ও নামাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। জর্ডান পরিচালিত ওয়াকফ কমিটির কর্তৃত্বে সরাসরি নগ্ন হস্তক্ষেপ করে দখলদার বাহিনী মুসল্লিদের প্রবেশাধিকার রুদ্ধ করায় ফিলিস্তিনিদের মধ্যে তীব্র ক্ষোভ ও হাহাকার বিরাজ করছে।


প্রতিবছর রমজানের শেষ দশ দিন আল আকসা চত্বরে হাজার হাজার ফিলিস্তিনি তাঁবু খাটিয়ে ইতিকাফে অংশ নিতেন যা তাদের দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ। কেবল জেরুজালেম বা পশ্চিম তীর নয় বরং তুরস্ক ও ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলিমদের এক মিলনমেলায় পরিণত হতো এই প্রাঙ্গণ। 


২৫ বছর বয়সী ফিলিস্তিনি তরুণী শায়মা আবেদ তার আক্ষেপ প্রকাশ করে জানান যে বিগত পাঁচ বছর ধরে তিনি আল আকসায় ইতিকাফ করছেন। সেখানকার যে আধ্যাত্মিক পরিবেশ এবং বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের অপূর্ব মেলবন্ধন তিনি দেখতেন তা এবার কেবল দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সেহরির আগমুহূর্তের গুঞ্জন কিংবা ফজর পর্যন্ত সম্মিলিত প্রার্থনার কান্নার রোল এখন পুরোপুরি স্তব্ধ হয়ে আছে।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আল আকসার প্রতিটি প্রবেশপথে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে এবং সামরিক চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে। 


জরুরি অবস্থার সুযোগ নিয়ে ফিলিস্তিনিদের ধর্মীয় মৌলিক অধিকার হরণ করা হচ্ছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। বদ্ধ দুয়ারের ওপারে দাঁড়িয়ে থাকা লাখো ফিলিস্তিনি এখন কেবল আল্লাহর কাছে এই পরিস্থিতি থেকে মুক্তির প্রার্থনা করছেন। যুদ্ধের আবহে আল আকসার সেই চিরচেনা মায়াবী পরিবেশ ম্লান হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও ধর্মীয় পরিস্থিতি আগামীতে আরও উত্তপ্ত হয়ে ওঠার শঙ্কা দেখা দিয়েছে।

ads
ads
ads

Our Facebook Page