প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সচিবালয়ে কৃষক কার্ড প্রণয়ন সম্পর্কিত সেলের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বেলা সাড়ে ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। দেশের কৃষি খাতের আধুনিকায়ন এবং প্রকৃত কৃষকদের রাষ্ট্রীয় সুবিধার আওতায় আনার লক্ষ্য নিয়ে এই আলোচনার আয়োজন করা হয়। বৈঠকে সরকারের একাধিক মন্ত্রণালয়ের শীর্ষ প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে অংশ নেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াসিন এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বৈঠকে কৃষক কার্ডের কারিগরি কাঠামো এবং এর মাধ্যমে কৃষকদের সরাসরি ভর্তুকি প্রদানের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন যাতে কৃষক কার্ডের তালিকা প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিত করা হয় এবং কোনো প্রকৃত কৃষক যেন এই প্রক্রিয়া থেকে বাদ না পড়েন। এই কার্ডের মাধ্যমে কৃষি উপকরণের ভর্তুকি সরাসরি কৃষকদের কাছে পৌঁছানোর পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ডিজিটাল ডাটাবেজ তৈরির মাধ্যমে কৃষকদের ডাটা সংরক্ষণ ও তাদের বিভিন্ন আপৎকালীন সহায়তা প্রদানের বিষয়েও নীতিগত আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত মন্ত্রী ও উপদেষ্টারা নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাবিত রূপরেখা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।