ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ads

অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের দ্বিতীয় দিনে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের একটি কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা ও কৌশলগত স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় গুরুত্ব পায়। 


বিশেষ করে বাংলাদেশ পুলিশের সংস্কার ও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে যুক্তরাজ্যের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দুই দেশের ঐতিহাসিক ও দীর্ঘমেয়াদী বন্ধুত্বের ভূয়সী প্রশংসা করেন। 


তিনি প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন এবং সামুদ্রিক নিরাপত্তা খাতে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ২০২৬ সালের জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা এবং চলমান গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের জন্য লর্ড হ্যানসনকে ধন্যবাদ জানান তিনি। 


স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন যে বর্তমান সরকার দেশে সুশাসন ও গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখতে সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ।বৈঠকের একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ পুলিশের সংস্কার ও আধুনিকায়নের প্রসঙ্গ। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ পুলিশের সমৃদ্ধ অভিজ্ঞতা ও পেশাদারিত্বের উদাহরণ টেনে বাংলাদেশ পুলিশের কৌশলগত সংস্কার, মানবাধিকার সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাজ্যের কারিগরি ও প্রশিক্ষণ সহায়তা কামনা করেন।

  

তিনি বলেন যে একটি জনবান্ধব ও আধুনিক পুলিশ বাহিনী গড়ে তুলতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ জ্ঞান বাংলাদেশের জন্য অত্যন্ত সহায়ক হবে। লর্ড হ্যানসন বাংলাদেশের নিরাপত্তা খাতের এই সংস্কার পরিকল্পনাকে স্বাগত জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।


এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের চাপ অব্যাহত রাখার জন্য যুক্তরাজ্যের প্রতি বিশেষ আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং বাস্তুচ্যুত বিপুল সংখ্যক মানুষের মানবিক সহায়তায় যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকার গুরুত্বারোপ করেন। বৈঠকে লর্ড হ্যানসন বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক মিশনের উচ্চপদস্থ প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page