ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প

ads

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তিনি চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি এই চুক্তি সম্পন্ন না হয়, তবে ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করে দেওয়া হবে। সোমবার (২০ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক মারিয়া বার্টিরোমোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই চাঞ্চল্যকর দাবি করেন।


সাক্ষাৎকারে ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় বলেন, ‘ইসলামাবাদে আজই একটি চুক্তি হওয়ার কথা রয়েছে। তবে যদি চুক্তি সই না হয়, তবে আমি ইরানের প্রত্যেকটি বিদ্যুৎকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সব সেতু উড়িয়ে দেবো। তারা এখন আমাদের শর্তের মুখে রয়েছে।’ তবে ট্রাম্প ঠিক কোন সময়ের মধ্যে এই চুক্তির কথা বুঝিয়েছেন, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে।


ট্রাম্প ‘আজই’ চুক্তি হওয়ার কথা বললেও ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত শান্তি আলোচনায় যোগ দেওয়া বা প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। পাকিস্তানের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, তেহরান দ্বিতীয় দফার আলোচনায় আগ্রহী হলেও চুক্তি স্বাক্ষরের মতো চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে তারা এখনো ধীরলয়ে এগোচ্ছে।


এর আগে গত রোববার ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রভাবশালী প্রতিনিধি দল ইসলামাবাদে আলোচনা করতে যাবেন। এই দলে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।


১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার দীর্ঘ চার দশক পর গত ১১-১২ এপ্রিল পাকিস্তানে প্রথমবারের মতো সরাসরি উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। সেই আলোচনা অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর থেকেই দ্বিতীয় দফার বৈঠকের তোড়জোড় চলছে। এরই মধ্যে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে দীর্ঘ আলাপ করেছেন।  সূত্র: আল–জাজিরা

ads
ads
ads

Our Facebook Page