ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

৯ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সংকেত

ads

দেশের নয়টি জেলার ওপর দিয়ে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতের মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।আবহাওয়াবিদদের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৪টা থেকে দিবাগত রাত ১টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 


সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই জেলাগুলোর নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।এছাড়া যশোর, কুষ্টিয়া, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। 


এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে।বুধবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ বিভাগেই দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বাতাসের চাপ বৃদ্ধি পেয়েছে। ফলে সমুদ্র ও নদীবন্দরে এই সতর্ক সংকেত জারি করা হয়েছে। বুধবার পর্যায়ক্রমে বৃষ্টির পরিমাণ বাড়লে উত্তাপ কিছুটা প্রশমিত হতে পারে।এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page