ঢাকা, বুধবার, ২৭ মে, ২০২৬

যে প্রতিশ্রুতি নিয়েছি সেগুলো পূরণ করার উদ্যোগ নিয়েছি :তথ্যমন্ত্রী

ads

আমরা যে প্রতিশ্রুতি নিয়েছি, সেগুলো পূরণ করার উদ্যোগ নিয়েছি। দেশের সমস্ত খেলাপি ঋণ আদায় করার পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২০ বছরে বাংলাদেশে যত টাকা ঋণ দেওয়া হয়েছে, তার মধ্যে শতকরা ৩০ ভাগই খেলাফি হয়েছে।


এই পরিসংখ্যান দেখলেই বোঝা যায়, বিগত সরকার ব্যাংক লুট করার জন্য সহযোগিতা করেছে এবং সেই দিনের ঋণের বোঝা এখন পুরো জাতিকে বহন করতে হচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।


বুধবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, একটি দেশে নির্বাচিত সরকার যখন রাষ্ট্রকে লুট করার জন্য লুটতরাজের নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতা করে, তখন সেই সরকারকে যখন মানুষ চিনে ফেলে, তার যে পরিণতি হওয়া দরকার এখানেও ঠিক সেই পরিণতিই হয়েছে।


তথ্যমন্ত্রী বলেন, গায়ের জোরে ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন করা হয়েছিল। সে সময় লোকদের ভয় দেখানো, মিথ্যা মামলা, এমনকি মন্ত্রিত্বের লোভ পর্যন্ত দেখানো হয়। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। জানুয়ারিতে জোর করে নির্বাচন করা হলেও আগস্ট মাসে তারা না খেয়ে পালিয়ে গেছে। পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ককে এত অপমান ও অসম্মানজনকভাবে পালিয়ে যেতে হয়নি। আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


ads
ads
ads

Our Facebook Page