ঢাকা, রবিবার, ৩১ মে, ২০২৬

হবিগঞ্জে ৩ জুন থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা

ads

হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে চলমান বিরোধের দ্রুত সমাধান না হলে আগামী ৩ জুন থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে চলা এ সংকট নিরসনে একাধিক বৈঠক হলেও কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় তারা এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন রোববার (৩১ মে) দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা বাস/মিনিবাস, ট্রাক, সিএনজি ও ম্যাক্সি মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।


সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আগামী ২ জুনের মধ্যে হবিগঞ্জের বাসগুলোকে আগের মতো মৌলভীবাজার হয়ে সিলেট চলাচলের সুযোগ নিশ্চিত করা না হলে ৩ জুন সকাল ৬টা থেকে জেলার সব ধরনের পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।


মালিক-শ্রমিক নেতাদের ভাষ্য, হবিগঞ্জ থেকে মৌলভীবাজার হয়ে সিলেট রুটে কয়েক দশক ধরে বাস চলাচল করে আসছে। নতুন মহাসড়ক চালুর পর রুট ব্যবস্থাপনা নিয়ে জটিলতা তৈরি হলেও প্রশাসনের মধ্যস্থতায় একটি সমঝোতার ভিত্তিতে দীর্ঘদিন পরিবহন চলাচল স্বাভাবিক ছিল। তবে গত বছরের শেষ দিকে নতুন করে বিরোধ দেখা দেয়।


সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা অভিযোগ করেন, চলতি বছরের মে মাসে শেরপুর এলাকায় হবিগঞ্জের বাস চলাচলে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে বিভাগীয় প্রশাসনের উদ্যোগে দুই জেলার প্রশাসন এবং পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। নেতারা আরও জানান, রুটটি বন্ধ থাকায় গত দুই সপ্তাহ ধরে প্রায় ৬০০ শ্রমিক কর্মহীন অবস্থায় রয়েছেন। একই সঙ্গে হবিগঞ্জ ও সিলেটের মধ্যে নিয়মিত যাতায়াতকারী হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


নেতাদের দাবি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আলোচনার পরও সংকট নিরসনে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের জীবিকা এবং সাধারণ মানুষের চলাচল উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংবাদ সম্মেলনে মালিক-শ্রমিক নেতারা দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করে বলেন, দীর্ঘদিনের এ বিরোধের স্থায়ী সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হবে। এর প্রভাব পড়বে পরিবহন খাত, শ্রমিকদের জীবন-জীবিকা এবং সাধারণ যাত্রীদের ওপর।


উল্লেখ্য, মৌলভীবাজার ও হবিগঞ্জের পরিবহন মালিক সংগঠনগুলোর মধ্যে বিরোধের জেরে বর্তমানে হবিগঞ্জ-সিলেট রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুই জেলার যাত্রীদের বিকল্প উপায়ে যাতায়াত করতে হচ্ছে।


ads
ads
ads

Our Facebook Page