ঢাকা, রবিবার, ৩১ মে, ২০২৬

নতুন ওমরাহ ভিসা আবেদন নেওয়া শুরু করেছে সৌদি

ads

সৌদি আরব নতুন উমরাহ মৌসুমের জন্য ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে। ৩১ মে থেকে উমরাহ ভিসা ইস্যু শুরু হওয়ার মধ্য দিয়ে নতুন মৌসুমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে তীর্থযাত্রীরা ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’-এর মাধ্যমে অনুমতিপত্র ও বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। রোববার (৩১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক তীর্থযাত্রীরা আজ থেকেই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি আরবে প্রবেশ এবং উমরাহ পালনের প্রক্রিয়া শুরু করতে পারবেন। নতুন মৌসুমে বিদেশি মুসল্লিরা ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত উমরাহ পালনের জন্য রাজ্যে প্রবেশের সুযোগ পাবেন।হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের হজ শেষ হওয়ার পর ১৪৪৮ হিজরি উমরাহ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে ৩১ মে থেকে আন্তর্জাতিক তীর্থযাত্রীদের জন্য ভিসা প্রদান শুরু হয়েছে।


মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৯ মার্চ ২০২৭ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) হবে উমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ। আর উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত। এছাড়া সব উমরাহ যাত্রীকে ৭ এপ্রিল ২০২৭-এর মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। এখন থেকে তীর্থযাত্রীরা সরকারের নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি, উমরাহ পারমিট সংগ্রহ, বুকিং এবং সংশ্লিষ্ট বিভিন্ন সেবা নিতে পারবেন। নুসুক প্ল্যাটফর্মটি অনুমতিপত্র, আবাসন, পরিবহন ও তীর্থযাত্রা-সংক্রান্ত সেবার সমন্বিত ডিজিটাল প্রবেশদ্বার হিসেবে কাজ করছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব উমরাহ ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর জোরদার করেছে।


এর অংশ হিসেবে ইলেকট্রনিক পারমিট, স্বয়ংক্রিয় চুক্তি ব্যবস্থা এবং কিউআর কোডভিত্তিক যাচাইকরণ পদ্ধতি চালু করা হয়েছে।বিশ্লেষকদের মতে, সৌদি ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় ক্রমবর্ধমান তীর্থযাত্রীর চাপ সামাল দিতে সৌদি আরব পরিবহন, আবাসন ও আতিথেয়তা অবকাঠামোও সম্প্রসারণ করছে।

ads
ads
ads

Our Facebook Page