পশ্চিমতীরের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের বিমান হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। শুক্রবার (২ জুলাই) স্থানীয় সময় ভোরে হামলাটি চালিয়েছে। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে শুক্রবার ভোরের দিকে ইসরায়েল এই বিমান হামলা চালিয়েছে।
ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) টুইটারে এক বার্তায় বলে, গাজা থেকে বিস্ফোরক ভর্তি বেলুন পাঠানোর জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালানো হয়। সেখানে অস্ত্র সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের কাজ চলত। যদিও এ হামলার বিষয়ে হামাস এখনো কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, গত ১০ মে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে ২১ মে পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় গাজায় ২৮৯ ফিলিস্তিনি নিহত হন। অপর দিকে হামাসের ছোড়া রকেটে নিহত হন ইসরায়েলের ১৩ জন।